প্রিন্ট এর তারিখঃ Jun 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
নওগাঁয় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত গ্রেফতার

নওগাঁয় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত গ্রেফতার, ৮টি ডাকাতি মামলার আসামি পুলিশের জালে ধরা
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ রাফি হোসেন
নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও বিভিন্ন জেলার ৮টি ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত মোঃ মনোয়ার হোসেন ওরফে মিন্টু (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) বিকেলে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনোয়ার হোসেনের পিতার নাম মৃত মোমিন। তিনি নওগাঁ জেলার খলিশাকুড়ি (রামভদ্র) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনোয়ার হোসেন আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির অভিযোগে অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪